স্মার্ট ডিসপ্লে আনছে অ্যাপল

৯ আগষ্ট, ২০২২ ১৯:৪৫  
আগামী বছরের শেষ নাগাদ কিংবা ২০২৪ সালের প্রথমদিকে চারটি স্মার্ট হোম পণ্য উন্মুক্ত করতে পারে অ্যাপল। এর মধ্যে অন্তত দুটিকে স্মার্ট ডিসপ্লে হিসেবে বলা যায়। ব্লুমবার্গের মার্ক গারম্যান ধারণা দিয়েছেন যে, আগামী দুই বছরে স্মার্ট হোম প্রোডাক্ট বৃদ্ধির পরিকল্পনা করেছে অ্যাপল। সম্প্রতি পাওয়ার অন নিউজলেটারে গারম্যান জানান, অ্যাপলের ল্যাবে চারটি স্মার্ট হোম পণ্য রয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে নতুন হোমপড। সঙ্গে রয়েছে নতুন হোমপড মিনি। এটি দেখতে ২০১৮ সালের অরিজিনাল মডেলের মতো। এর আগে ২০২১ সালে হোমপড বন্ধ করে দিয়েছিলো অ্যাপল। অন্য দুটি ডিভাইস হলো অ্যাপলের সম্পূর্ণ নতুন দুটি পণ্য। একটি হলো কিচেন অ্যাকসেসরি। এখানে আইপ্যাড এবং একটি স্পিকারের সমন্বয় রয়েছে। আরেকটি হলো অ্যাপল টিভি, ক্যামেরা এবং হোমপডের সঙ্গে একটি বিশেষ সমন্বয়। এটি মূলত একটি লিভিং রুম ডিভাইস। ডিবিটেক/বিএমটি